Wednesday, April 2, 2014

মন-ফকিরা




দিগন্ত পথ, ধান্য-ক্ষেত্র, অবাধ আসা যাওয়া।
তার, ধানের শিষের উপর থেকেই মন-ফকিরা পাওয়া।
আমিও খুঁজি মন-ফকিরা, পাগল করা গানে।
বুঝবে শুধু তারাই,  যারা পাগল হওয়া জানে।
আমার সুখের নির্বাসনে, পাগলী শুধু সে
মন-ফকিরার সুরে তালে, শুধুই নেচেছে।
তোমরা বুঝি পাগলীকে চাও! লাজুক মিঠে স্বপ্নে।
পাগলী আছে, মন-ফকিরার জ্যোৎস্না উঠোনে।
ট্রাম-লাইনের একপাশে আল, অন্যপাশে ভোর।
এই কবিতা তোকে নিয়েই, এ-কবিতা তোর।
সবাই খুঁজুক আজ থেকে তোকে, মন-ফকিরার টানে।
পাবেই শুধু তারা, যারা পাগল হতে জানে।




ফিরে যাও



তোমায়, জড়িয়ে ছিল, শত-সহস্রের লজ্জাবতীরা।
জ্যোৎস্নাসিক্ত, মায়াবী সে দেহ।
সারল্যের সেই গভীর চোখে,
ব্যাকুল আর্তি, মিলনের।
কচি ঘাস, লুকিয়েছে যত্নে, কামরাঙা যৌবন।
আমায় স্তব্দ কর, স্তব্দ কর, মন কামনা... 
আমেন।
ফিরে যাও তুমি, হে কুমারী.... 


বনলতা সেন।


এস পাখি



এস পাখি। তুমি পালক ওড়াও।
ফিনিক্স হতে যে, চেয়েছিল, ওরাও।
তোমার বুকে শুধু আগুন জ্বালো।
পুড়ে, বেঁচেই থাকি, 
পাখি, সেটাই ভালো।

এস পাখি। আগুন, থাকুক মনে।
তোমার পালক, ওড়ে মনের কোণে।
পাখি, তোমার প্রেমে, তুমি নিজেই পোড়ো।
আমি, পাষাণ তবুও, 
পাখি, ক্ষমা কোরো।

এস পাখি। এসে দেখ আমায়।
আমিও পুড়ি। তাকে, কে আর থামায়!
ওরা, আগুন জ্বালে, সেটা রূপের ছটায়।
প্রেমে, আগুন হলাম,
পাখি, এ রূপকথায়।

এস পাখি, আমি অনাদৃত।
ফিনিক্স নই, তাই, আজো মৃত।
পাখি, তোমার বুকে আমি বিষণ্ণ ছাই।
প্রতি জনম, 
আমি পুড়েই তো যাই।

পাখি, তোমার প্রেমে....